অক্টোবর ও নভেম্বরে প্রায় দুই মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ওই সময় বার্সার পারফরম্যান্সেও ভাটা পড়ে। তবে ফেরার পর দুর্দান্ত ফর্মে আছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে ফ্লিক বলেন, “ওর মানসিকতা অবিশ্বাস্য। ওর গতি ও শক্তি পুরো দলকে প্রভাবিত করে।”
ফাইনালের প্রথমার্ধে একটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন রাফিনিয়া। তবে কয়েক মুহূর্তের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরে স্কোর ২–২ হলে বক্সের বাইরে থেকে নেওয়া শট ডিফ্লেকশনে জালে জড়িয়ে জয়সূচক গোলটি আসে। ফ্লিক বলেন, “প্রথম সুযোগটা মিস করেছিল, কিন্তু পরেরটায় ঠিক জায়গায় ছিল এবং গোল করেছে। ওই গোলটা দলকে আত্মবিশ্বাস দিয়েছে। মাঠে রাফিনহা যে তীব্রতা এনে দেয়, সেটাই আমাদের দরকার।”
গত মৌসুমেও রিয়ালের বিপক্ষে সুপার কাপ জিতে ঘরোয়া ট্রেবল জয়ের পথে এগিয়েছিল বার্সা। এবারও এই সাফল্য লা লিগা নেতাদের বাকি লক্ষ্য পূরণে সাহায্য করবে বলে আশা করছেন ফ্লিক। টানা সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ জয়ের পর তিনি বলেন, “আমরা এখন দারুণ মুডে আছি, আত্মবিশ্বাস অনেক। রিয়ালের বিপক্ষে ফাইনাল মানেই বিশেষ কিছু। আবারও একটি ফাইনাল জিতেছি, এটা অসাধারণ।”
মন্তব্য করুন