শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সভায় বক্তব্যে চরমোনাই পীর বলেন, অতীতেও সংসদে যাওয়ার সুযোগ ছিল এবং এখনও আছে। তিনি দাবি করেন, কিছুদিন আগেও বিএনপির একজন শীর্ষ নেতা তাকে ফোন করে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ক্ষমতার দরজা খুলতেই তারা রাজনীতি করে না; তারা রাজনীতি করে ইসলামের কল্যাণ ও মানুষের কল্যাণের জন্য।
কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা একই পথে চলা সাথীদের সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা করতে পারে, তাদের হাতে মানুষ ও দেশ নিরাপদ নয়। এ ধরনের শক্তির কাছে বাংলাদেশও নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি।
৫ আগস্টের পরের সময়ের কথা উল্লেখ করে রেজাউল করীম বলেন, এমপি বা মন্ত্রিত্ব পাওয়ার লোভে নয়, বরং দেশকে ভালো করার দায়িত্ববোধ থেকেই তিনি ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, যখন ‘ইসলামের পক্ষে একটি বাক্স’—এই স্লোগান নিয়ে ইসলামী আন্দোলন মানুষের সামনে আসে, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। কিন্তু সেই অবস্থায় এক শ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী নতুন করে মানুষকে বিভ্রান্ত করার নানা পরিকল্পনা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
চরমোনাই পীর বলেন, যারা বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে প্রতারণা করতে পারে, তাদের কাছে বাংলাদেশ ও এ দেশের মানুষ নিরাপদ নয়। এ বাস্তবতা বুঝেই ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানই তাদের রাজনীতির মূল ভিত্তি।
তিনি আরও বলেন, আল্লাহর রহমতে ও জনগণের দোয়ায় বর্তমানে বাংলাদেশে ইসলামের পক্ষে একটিই ব্যালট বাক্স রয়েছে, আর সেটি হলো হাতপাখা প্রতীকের বাক্স। ইসলামের পক্ষে এর বাইরে আর কোনো ব্যালট বাক্স নেই বলেও তিনি দাবি করেন।
ঢাকা-৫ আসনের প্রার্থী হাজী মো. ইবরাহীম সম্পর্কে তিনি বলেন, তিনি পরীক্ষিত নেতা এবং দুইবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত হলে তিনি জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ইসলামী আন্দোলনের আমির।
নতুন ভোটারদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, প্রথম ভোট যেন ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে দেওয়া হয়—এই আহ্বান তিনি তরুণদের প্রতি জানান। তিনি হাজী ইবরাহীমকে জনগণের কাছে আমানত হিসেবে তুলে ধরেন।
এর আগে বক্তব্যে হাজী মো. ইবরাহীম বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে সুশাসন থেকে বঞ্চিত। অনেক এলাকা এখনও পানির নিচে প্লাবিত থাকে উল্লেখ করে তিনি কাউন্সিলর হিসেবে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশেও তিনি আস্থা রেখে পাশে থাকার আহ্বান জানান
মন্তব্য করুন